নারায়ণগঞ্জে যাত্রী অধিকার ফোরামের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে বিআরটিসি নন-এসি বাস চালু, কমিউটার ট্রেন, রেল ও বগির সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে এ সমাবেশ হয়। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতা-কর্মীদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন সমাবেশের বক্তারা। আয়োজক সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল সাহা, বাসদ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির নেতা হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের নেতা অঞ্জন দাস, ন্যাপের নেতা আওলাদ হোসেন, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের পরিবহন খাত একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাদের চাঁদাবাজির দায় সাধারণ যাত্রীরা বহন করবে না। পরিবহন খাতকে চাঁদাবাজমুক্ত করতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জে পুনরায় নন-এসি বিআরটিসি বাস চালুর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান। দ্রুত এ প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে। সমাবেশে ঘোষণা করা হয়,্র‘মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার পরিপ্রেক্ষিতে আন্দোলন-কর্মসূচি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত বাসভাড়া ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার ও দোষী পুলিশের শাস্তির ব্যবস্থা না করা হলে প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।