নারায়ণগঞ্জে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রকাশ্যে প্রবাস ফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার বেলা দুইটায় সোনাকান্দা ডকইয়ার্ড এলাকায় উজ্জ্বল মিয়া (২৫) নামের ওই যুবককে হত্যা করে সন্ত্রাসীরা। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনাকান্দা এলাকার পারুল মিয়ার ছেলে উজ্জ্বল মাত্র দেড় মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন। উজ্জ্বলের পরিবারের সঙ্গে একই এলাকার আজমান, কালু মিয়া, কাশেম, সুজন ও মাসুদের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলাও হয়। এরই জের ধরে গতকাল দুপুরে উজ্জ্বলের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা উজ্জ্বলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উজ্জ্বলকে উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলো কাশেম, আনা, পারভীন, মুক্তা ও সুজন। এরা সবাই অভিযুক্তদের পরিবারের সদস্য। মূল অভিযুক্তরা পালিয়ে গেছে।