নারায়ণগঞ্জে যুবদল-পুলিশ ধাওয়া, ককটেল ও গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে হরতালের প্রথম দিন আজ সোমবার যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এ সময় বাধা দিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। হরতালকারীরা ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ১০-১২টি ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয় কমপক্ষে ছয়জন।

এর আগে পৌনে আটটার দিকে নিতাইগঞ্জ এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের মৈকুলি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতা-কর্মীরা। একই সময় মহাসড়কের আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে ও বালুর বস্তা ফেলে সড়ক অবরোধ করেন বিএনপির কর্মী-সমর্থকেরা।