নারায়ণগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় যুবদলের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সহসভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। একই সময়ে ওই স্থানে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বের করা যুবলীগের একটি মিছিল মুখোমুখি হলে কয়েকটি ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় কুতুবপুর ইউপি চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মোল্লা পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। মিছিল শেষে ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের লোকজনের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে শহিদুলের লোকজন নজরুলকে মারধর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নজরুলের লোকজন শহরের ২ নম্বর রেলগেট এলাকায় রাখা ইউপি চেয়ারম্যানের প্রাইভেট কার ভাঙচুর করেন। একই সময়ে ওই স্থানে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করছিলেন যুবলীগের নেতা-কর্মীরা। যুবদলের দুই পক্ষের ওই সংঘর্ষের ঘটনাকে তাঁরা শিবিরের হামলা মনে করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে।ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, মিছিল শেষে ইউপি চেয়ারম্যান মনিরুল আলমের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।কুতুবপুর ইউপি চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম জানান, ‘মিছিলে যুবদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় আমার প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে।’ নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, যুবদলের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। ফতুল্লায় গত ৩ নভেম্বর যুবদলের একটি সমাবেশে প্রকাশ্যে গুলি ছুড়েছিলেন নজরুল ইসলাম। এ ছাড়া ফতুল্লা থানা যুবদলের কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরেই নজরুলের সঙ্গে যুবদলের সভাপতি শহিদুল ইসলামের বিরোধ দেখা দেয়।