নারায়ণগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গতকাল শনিবার জেলা যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়েজ্জেম হোসেন মন্টিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা যুবদলের সভাপতি মামুন মাহমুদ ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে জেলা কমিটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। মোশারফ সমর্থকদের দাবি, জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। কিন্তু মাহমুদ সমর্থকদের দাবি, কমিটি বহাল রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মাহমুদের সমর্থকেরা গতকাল দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি সমাবেশের আয়োজন করে। একই সময় মোশারফ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ডিআইটি বাণিজ্যিক এলাকায় সমাবেশস্থলের দিকে অগ্রসর হয়। এ সময় মাহমুদের সমর্থকেরা তাদের বাধা দেয় এবং লাঞ্ছিত করা হয় মোশারফকে। পরে মোশারফের সমর্থকেরা সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের করে এবং মাহমুদের সমর্থকদের ধাওয়া দেয়। জবাবে মাহমুদের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে মোশারফের সমর্থকদের ধাওয়া দিলে ডায়মন্ড হল চত্বর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ডিআইটি বাণিজ্যিক এলাকার দোকানপাট। প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোয়েজ্জেম হোসেন মন্টি গুরুতর আহত হন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরা আবদুস কাদির ও সজীব নামের দুই যুবককে আটক করে দেওভোগের একটি ক্লাবে নিয়ে মারধর করে। কাদিরের অবস্থা গুরুতর। তাঁকে শহরের খানপুরের ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে সংঘর্ষের পর বিকেলে জেলা যুবদলের সভাপতি মাহমুদের নেতৃত্বে একটি ট্রাক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণ ও প্রেসক্লাবের সামনে পৃথক সভা করে। এতে জেলা যুবদলের নেতা নজরুল ইসলাম, একরামুল কবির, গোলাম সারোয়ার প্রমুখ বক্তব্য দেন। তবে এ সময় মোশারফ সমর্থকদের শহরে দেখা যায়নি।জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি মামুন মাহমুদ প্রথম আলোকে বলেন, তাঁদের সমাবেশ পণ্ড করতে মোশারফ হোসেন তালিকাভুক্ত সন্ত্রাসী টোকাই আলমগীর, আনোয়ারুল করিম ভূঁইয়া ও সেলিমকে দিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। মোশারফ হোসেনের দাবি, কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি ভেঙে দিয়েছে। তাই কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তিনি মিছিল বের করেন। কিন্তু প্রতিপক্ষরা তাঁর মিছিলে বাধা দেয় এবং তাঁর সমর্থকদের মারধরের চেষ্টা করে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।