নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল শনিবার যুবদলের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়কসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন ও আনোয়ার হোসেন, যুবদলের কর্মী সেলিম মিয়া, আনোয়ার হোসেন, হাফেজ আবদুর রহিম, জাকির হোসেন, মিজানুর রহমান, শুক্কুর মাহমুদ, পারভেজ খান, মাসুম মিয়া, আবদুল হামিদ, আলফু প্রধান ও মো. বাবুল।যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলমসহ দলের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।যুবদলের নেতারা জানান, সমাবেশে অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে আসার পথে পুলিশ নেতা-কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, প্রতিবাদ সমাবেশে অংশ নিতে আসা যুবদলের নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়কসহ ১৩ নেতা-কর্মীকে।এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, গত হরতালে সরকারি কাজে বাধা দেওয়া ও ভাঙচুরের ঘটনায় করা মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে যুবদলের আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক রয়েছেন।তবে পুলিশি বাধা সত্ত্বেও দুপুরে পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মামুন মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।