নারায়ণগঞ্জে যুবলীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়ার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার রূপালী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবলীগ নেতা রাজা মিয়া অভিযোগ করেন, উপজেলার রূপালী আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবৎ আক্তার হোসেনের ছেলে আরিফ, হাবিব, রফিক, শরীফ এবং জামিল মাদকের ব্যবসা করে আসছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয় মাদক ব্যবসায়ীরা।এ ঘটনার জের ধরে সোমবার রাত ১১টার দিকে আরিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। বাধা দিলে তাঁর স্ত্রী বিলকিস বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তাঁর ডান হাত কেটে যায়। পরে সন্ত্রাসীরা একই এলাকায় তাঁর ইট ও বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা মূল্যের আসবাব ভাঙচুর করে এবং ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফ নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন রাজা মিয়া।