নারায়ণগঞ্জে রফিউর রাব্বির বড় ছেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মোহাম্মদ তৌকি গতকাল বুধবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে। তানভীর শহরের চাষাঢ়ায় অবস্থিত ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান এবিসি ইন্ট্যারন্যাশনাল স্কুলের এ লেবেলের পরীক্ষার্থী।রফিউর রাব্বি বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তানভীর শহরের শায়েস্তা খান সড়কের পুরাতন কোর্ট রোডের বাসা থেকে বের হয়। সাড়ে সাতটায় তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজ করেও তানভীরের কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ব্যাপারে শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন রফিউর রাব্বি। রফিউর রাব্বি নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ৬ ফেব্রুয়ারি থেকে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে যে আন্দোলন শুরু হয়েছে, তার উদ্যোক্তা তিনি। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব ছিলেন রফিউর রাব্বি। ওই বছর তাঁর নেতৃত্বে আন্দোলনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথের বাসমালিকেরা ভাড়া কমাতে বাধ্য হন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, তানভীরের নিখোঁজের বিষয়ে তার বাবা রফিউর রাব্বি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।