নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে রোজার মাসেও জ্বালানি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় গভীর রাতে উঠে রান্নাবান্নার কাজ করতে হচ্ছে গৃহিণীদের। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বলেছে, বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ করতে গিয়ে তৈরি হয়েছে এ সংকট। রোজায় পরিস্থিতির আর কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।এদিকে গ্যাস-সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোর উৎপাদন কমে যাওয়ায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। শহরের পশ্চিম দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকার গৃহবধূ মিনা সালাম বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরের চুলায় গ্যাস পাওয়া যায় না। আবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস থাকে না। বিকেল পাঁচটার আগে বাচ্চাকে ভাত খাওয়ানো যায় না।প্রায় এক সপ্তাহ ধরে গ্যাস-সংকট তীব্র হয়েছে জানিয়ে শহরের আল্লামা ইকবাল রোডের বাসিন্দা শিরিন সুলতানা বলেন, সকালে গ্যাস চলে যাওয়ায় বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাসে রান্না সারতে হচ্ছে। কিন্তু সিলিন্ডার গ্যাস খরচ হয়ে যাচ্ছে দ্রুত। ১ নম্বর বাবুরাইল এলাকার বাসিন্দা মঞ্জুরুল হাসান বলেন, বাবুরাইল থেকে শুরু করে কাশিপুর পর্যন্ত বৃহৎ এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস পাওয়া যায় না। বিকল্প ব্যবস্থা হিসেবে মানুষ কেরোসিন, মাটির চুলা, গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে বাধ্য হচ্ছে।শহরে যেমন, শহরের বাইরেও বিভিন্ন এলাকায় তেমনি গ্যাস-সংকট রয়েছে। বন্দর উপজেলার ৪২১/১ উইলসন রোডের বাসিন্দা হাসনা বেগম বলেন, সকাল সাতটা থেকে গ্যাস না থাকার মতো করে সামান্য থাকে। রাত আটটার পরে গ্যাসের চাপ বাড়তে থাকে। আর্থিক সামর্থ্য না থাকায় তাঁরা গ্যাস সিলিন্ডার কেনেন না। সারা দিনের রান্না রাতেই সেরে রাখতে হয়।্র শহরের আমলাপাড়া, মিশনপাড়া, ডন চেম্বার, তল্লা, বাবুরাইল, পাইকপাড়া, নলুয়াপাড়া, ইসদাইর, দেওভোগ, দাতা সড়ক, ফতুল্লার সস্তাপুর, কাঠেরপুল, কোতালেরবাগ, রামারবাগ, লালখাঁ, পিঠালীপুল, কায়েমপুর, হাজীগঞ্জ, বন্দরের কবরস্থান রোড, শাহী মসজিদ, নবীগঞ্জ, সালেহনগরসহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারাও একই ধরনের অভিযোগ করেছেন। এদিকে ফতুলার পঞ্চবটী বিসিক ও ফতুল্লা শিল্পাঞ্চলে রপ্তানিমুখী গার্মেন্ট, ডায়িং, প্রিন্টিং, রি-রোলিং মিল, স্টিল মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্পকারখানার বেশির ভাগই গ্যাসনির্ভর। কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বাভাবিক সরবরাহ না থাকায় অচল হয়ে পড়ে এসব শিল্পকারখানা। ফতুল্লার পোস্ট অফিস থেকে হাজীগঞ্জ পর্যন্ত শিল্পকারখানা অনিক টেক্সটাইল, বরাত ডায়িং অ্যান্ড প্রিন্টিং, রুমা ডায়িং, হাজী মোহাম্মদ আলী ডায়িং, ব্রাদার্স ডায়িং, রুবেল ডায়িং, রনি টেক্সটাইল, স্মৃতি ডায়িং, দেওয়ান ডায়িং, শিল্পী স্টিল রি-রোলিং মিল, জুয়েল রি-রোলিং মিল, খান স্টিল মিল, পলমলসহ পাঁচ শতাধিক শিল্পকারখানা অচল হয়ে পড়েছে। উৎপাদন ব্যাহত হয়ে মিল-কারখানার মালিকেরা পড়েছেন আর্থিক ক্ষতির মুখে। আড়াইহাজার উপজেলার ধূপতারা ইউনিয়নে অবস্থিত রায়া স্পিনিং মিলে সুতা বানানো, কাপড় তৈরি ও রং করে ঢাকার ইসলামপুরে সরবরাহ করা হয়। কারখানাটির মালিক আমির আলী বলেন, গ্যাস-সংকটের কারণে তাঁর কারখানার উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে। তিনি জানান, আড়াইহাজারের বিভিন্ন অঞ্চলে অবস্থিত পাওয়ারলুম, টেক্সটাইল মিলে গ্যাস-বিদ্যুৎসংকটের কারণে দিনের বেশির ভাগ সময় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক (অপারেশন) শাহীনূর আলম বলেন, নারায়ণগঞ্জে গ্যাসের মোট চাহিদা প্রায় ৯০ মিলিয়ন ঘনফুট। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে প্রায় ৭০ মিলিয়ন ঘনফুট। আশুগঞ্জে অবস্থিত জিয়া সার কারখানায় ও সিদ্ধিরগঞ্জের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ করতে গিয়ে নারায়ণগঞ্জে গ্যাস-সংকট তৈরি হয়েছে। সার কারখানায় ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে হয়। অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতি ঘণ্টায় এক মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের প্রয়োজন পড়ে।শাহীনূর বলেন, রোজায় সরকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দিকে বেশি জোর দিয়েছে। তাই রোজায় গ্যাস-সংকট কমার সম্ভাবনা কম।