নারায়ণগঞ্জে রাজউকের দল, মেয়রের প্রতিবাদ
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের মালিকানাধীন বাণিজ্যিক ও আবাসিক ভবন মাধবী সিটি প্লাজা পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা। ৫৮টি প্লট পরিদর্শনের কথা বললেও শুধু মাধবী প্লাজা ও তার পাশের সিটি করপোরেশনের একটি প্লট পরিদর্শন করে তাঁরা ঢাকায় ফিরে যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, কারও দ্বারা প্রভাবিত হয়ে সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট ও শান্ত নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতেই রাজউক কর্মকর্তারা এ কাজ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর দেড়টার দিকে রাজউকের পরিচালক নাজমুস সাদত ও ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল নারায়ণগঞ্জে রাজউকের জায়গা পরিদর্শনে আসে। প্রথমেই তারা চাষাঢ়ায় সিটি করপোরেশনের নির্মাণাধীন ১২তলা বহুতল ভবনের বেজমেন্ট পরিদর্শনে যায়। বেজমেন্টে আড্ডা নামের একটি ফাস্টফুট রেস্টুরেন্টকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় মালিককে। পরে তারা মাধবী প্লাজার পাশে সিটি করপোরেশনের মালিকানাধীন আরেকটি খালি প্লট পরিদর্শন করে। এ সময় রাজউকের কর্মকর্তাদের সঙ্গে শামীম ওসমানের ক্যাডার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, টুন্ডা নাসিরসহ শতাধিক ক্যাডার ছিলেন।
নাজমুস সাদত বলেন, ‘নারায়ণগঞ্জে রাজউকের বেশ কিছু জমি বেহাত হয়ে গেছে। এসব জমি কী অবস্থায় আছে তা পরিদর্শনের জন্য এসেছি। পর্যায়ক্রমে এ ধরনের সব জমি পরিদর্শন করা হবে।’
এ ব্যাপারে মেয়র আইভী জানান, সিএস, এসএ, আরএস রেকর্ড অনুযায়ী মাধবী সিটি প্লাজার জমির মালিক তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভা। পৌরসভা কয়েক বছর ধরে এই বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভবন নির্মাণ করেছে। এ সময়ে জমির মালিকানা দাবি করেনি রাজউক। পাকিস্তান আমলে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য রাজউক খানপুর ও চাষাঢ়া মৌজায় প্রায় ২৫ একর জমি অধিগ্রহণ করেছিল। ১৯৮২ সালে তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক নারায়ণগঞ্জ পৌরসভার আয় বাড়ানোর জন্য ওই ২৫ একর ভূমি, ডিআইটি বাণিজ্যিক এলাকার ছয়টি বিপণিবিতান পৌরসভার কাছে হস্তান্তরের নির্দেশ দিলেও রাজউক তা বাস্তবায়ন করেনি। চার একর ভূমি রাজউক প্লট করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে। অবশিষ্ট ২১ একর জমি রাজউক প্লট আকারে বিক্রির জন্য ২০০৮ সালে দরপত্র আহ্বান করে। পৌরসভা উচ্চ আদালতে মামলা করলে দরপত্র প্রক্রিয়া বাতিল হয়ে যায়। মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। রাজউকের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জমির বিরোধ নিরসনের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে দুই পক্ষের প্রতিনিধির সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কিন্তু রাজউকের গতকাল সিটি করপোরেশনের বিপণিবিতান পরিদর্শনের ব্যাপারে পূর্ত মন্ত্রণালয় কিছুই জানে না। রাজউকও সিটি করপোরেশনকে কিছুই জানায়নি।
এ ব্যাপারে কথা বলতে যুবলীগ নেতা শাহ নিজামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।