নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৫
নাশকতার আশঙ্কায় গতকাল সোমবার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গতকাল রাত দেড়টার দিকে শহরের মিশনপাড়া এলাকার বাসা থেকে রাজীবকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার-বিষয়ক সম্পাদক রুবাইয়াত রহমান, নগর কৃষক দলের সহ-সভাপতি সেলিমকে গ্রেপ্তার করেছে।
কামাল অভিযোগ করেন, রাত দেড়টার দিকে শহরের মাসদাইর এলাকায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, নগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বাড়ি ঘিরে পুলিশ অভিযান চালায়। তবে এ সময় বাসায় কেউ ছিল না। পুলিশ ব্যানার-ফেস্টুন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ ছাড়া পুলিশ তাঁর বাড়িতেও অভিযান চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার দাবি করেন, বিরোধী দলের ৩০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রেপ্তারের ঘটনা ও তাঁর বাড়িসহ অন্যদের বাড়িতে অভিযান চালানোর নিন্দা জানান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান জানান, ২৫ অক্টোবর ঘিরে নাশকতার আশঙ্কায় গতকাল রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।