নারায়ণগঞ্জে রাসায়নিক গুদামে আগুন, ১৫ জন অসুস্থ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েত নগরে গতকাল সোমবার একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে অন্তত ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। দমকল বাহিনীর কর্মীদের ভাষ্য, রাসায়নিক দ্রব্যে পানি পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশে ফতুল্লার এনায়েত নগরে এভারগ্রিন কেমিক্যালসের গুদামে গতকাল সকাল নয়টার দিকে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। অনেকেই বমি করেন, কারও কারও দেখা দেয় শ্বাসকষ্ট। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। অসুস্থ লোকজন স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আহসানুল কবির জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ফোম ও ড্রাই পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার রাসায়নিক গুদামে আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে এ ব্যাপারে গুদামের মালিকপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।