নারায়ণগঞ্জে রাস্তা ইজারা!
নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক (পুরাতন কোর্ট এলাকা) থেকে মীর জুমলা সড়কের সংযোগ রক্ষাকারী রাস্তাটি ইনস্টিটিউট রোড হিসেবে পরিচিত। জনসাধারণ ও যানবাহন চলাচলে ব্যবহূত এই রাস্তা কাঁচামাল ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ১ আগস্ট থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত রাস্তাটি ইজারা দেওয়া হয়েছে ২০ লাখ টাকায়।জানা গেছে, শহরের প্রধান কাঁচাবাজার দ্বিগু বাবুবাজারের পাশে অবস্থিত পৌরসভার ইনস্টিটিউট রোড ও মীর জুমলা রোড ২০ বছর কাঁচামাল ব্যবসায়ীদের অবৈধ দখলে ছিল। যানবাহন দূরে থাক, মানুষের হাঁটার উপায়ও ছিল না।গণদাবির মুখে এবং শহরে যানজট কমাতে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী উদ্যোগ নিয়ে এ রাস্তা দুটি দখলমুক্ত করেন এবং বিপুল অর্থ ব্যয়ে রাস্তার উন্নয়ন, ফুটপাত ও নর্দমা নির্মাণ করেন। এরপর রাস্তাটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর দ্বিগু বাবুবাজারের কাঁচামাল ব্যবসায়ীরা ইনস্টিটিউট রোড ও মীর জুমলা রোড আবার অবৈধভাবে দখল করে পণ্য রাখা শুরু করে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, করপোরেশন রাস্তাটি কাদের স্বার্থে ইজারা দিয়েছে, তা জানার অধিকার নাগরিকদের রয়েছে। রাস্তা ইজারার জন্য দরপত্র আহ্বান করলেও সিটি করপোরেশন শিডিউল ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে উল্লেখ করেছে, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় ইনস্টিটিউট রোডের পাশের খালি জায়গা’। এটি প্রতারণা। সরেজমিনে যে কেউ দেখতে পাবেন, রাস্তার পাশে কোনো খালি জায়গায় নেই। মূলত রাস্তাটি ইজারা দেওয়ার জন্যই দরপত্র আহ্বান করেছিল সিটি করপোরেশন। নাগরিক কমিটি গত ২৪ জুলাই সিটি করপোরেশনের প্রশাসককে লিখিতভাবে চিঠি দিয়ে ইনস্টিটিউট রোড ইজারা না দিতে অনুরোধ জানায়। ১ আগস্ট নাগরিক কমিটি সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে রাস্তাটি ইজারা না দেওয়ার অনুরোধ জানায়।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ কামালের সঙ্গে গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মন্ত্রণালয়ের একটি বৈঠকে আছি। এ বিষয়ে এখন কথা বলতে পারব না।’ পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে শাহ কামালের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ বলেন, পৌরসভার মেয়র অনেক চেষ্টা করেও রাস্তাটি অবৈধ দখলমুক্ত করতে পারেননি। কাঁচামাল ব্যবসায়ীরা প্রতিদিন পৌরসভাকে তিন হাজার টাকা দিয়ে পণ্য বেচাকেনা করত। তবে ভোর ছয়টার মধ্যে বেচাকেনা শেষে তারা রাস্তা পরিষ্কার করে দিত। সম্প্রতি একাধিক ব্যক্তি রাস্তার পাশ ইজারা নিতে সিটি করপোরেশনে আবেদন জানায়। উদ্ভূত পরিস্থিতিতে ইজারা দেওয়া ছাড়া সিটি করপোরেশনের সামনে কোনো পথ ছিল না। কেননা সরকারি কর্মকর্তার হাত-পা বাঁধা থাকে। তিনি জানান, আগামী ১১ মাসের জন্য ২০ লাখ টাকায় মমিন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ৮০ শতাংশ অর্থ সিটি করপোরেশনের তহবিলে জমা দিয়েছে। শিডিউলে রাস্তার পাশে খালি জায়গার কথা উল্লেখ করা হলেও সেখানে কোনো খালি জায়গা নেই কেন—জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী কোনো মন্তব্য করেননি। বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও মমিন কনস্ট্রাকশনের কাউকে পাওয়া যায়নি।