নারায়ণগঞ্জে রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি চায়নিজ রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে একদল সন্ত্রাসী হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। সন্ত্রাসীদের হামলায় রেস্তোরাঁ উদ্বোধন করতে আসা অতিথি, রেস্তোরাঁর মালিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে ধাওয়া করে। পরে সহযোগীরা গিয়াসউদ্দিনকে রক্ষা করে নিরাপদে নিয়ে যান।গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় হাজি আরজু রহমান ভূঁইয়া (এ আর রহমান) মার্কেটের তৃতীয় তলায় অগ্রণী চায়নিজ অ্যান্ড পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে রেস্তোরাঁ মালিক এরশাদুলকে ঢাকার বারডেম হাসপাতালে এবং অন্যদের সিদ্ধিরগঞ্জের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় এ আর রহমান মার্কেটের তৃতীয় তলায় অগ্রণী চায়নিজ অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, বিএনপির নেতা ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পৌর প্রশাসক আবদুল মতিন প্রধানসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ও রাজনীতিবিদকে অতিথি করা হয়। অনুষ্ঠানস্থলে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন উপস্থিত হওয়ার কিছুক্ষণ পরই একদল সন্ত্রাসী লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে হামলা চালায়। প্রতিষ্ঠানটির আসবাব, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। সন্ত্রাসীদের হামলায় প্রতিষ্ঠানের মালিক এরশাদুল আহমেদ, বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার মাওলানা মাহামুদুর রহমান, প্রতিষ্ঠানের কর্মচারী কামাল হোসেন, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবদুল বারেক, শাওন আহমেদসহ ১০ জন আহত হন। একপর্যায়ে সন্ত্রাসীরা অনুষ্ঠানে উপস্থিত সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে ধাওয়া দেয়। এ সময় সহযোগীরা গিয়াসউদ্দিনকে রক্ষা করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে আসেন।রেস্তোরাঁ মালিক আহত এরশাদুল আহমেদ মুঠোফোনে জানান, রেস্তোরাঁ উদ্বোধনকালে একদল সন্ত্রাসী অতর্কিতে লাঠিসোঁটা নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে, তা জানাতে পারেননি তিনি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, বিএনপির নেতা গিয়াসউদ্দিনকে দাওয়াত দেওয়াতেই স্থানীয় যুবলীগ নামধারী সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।