নারায়ণগঞ্জে রোববারের সহিংস ঘটনায় চার মামলা, গ্রেপ্তার ৩১
ধর্মভিত্তিক দলগুলোর ডাকা হরতালের সময় নারায়ণগঞ্জে গত রোববার সহিংস ঘটনায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক চারটি মামলা করেছে পুলিশ। রোববার গভীর রাতে করা মামলায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েক শ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩১ জনকে।পুলিশ সূত্র জানায়, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এই থানায় দুটি মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যার চেষ্টা, অস্ত্রলুট, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ১৫ জনসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে মামলায় আসামি করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলা দুটিতেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহজাহান মনির সাইনবোর্ড এলাকার ঘটনায় গ্রেপ্তার নয়জনসহ ৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে একটি মামলা করেন। শিমরাইল এলাকার ঘটনায় একই থানার এসআই আবুল কালাম আজাদ আরেকটি মামলা করেন।পুলিশ সুপার শেখ নাজমুল আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে ধর্মভিত্তিক দলগুলোর ডাকা ৩০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার নারায়ণগঞ্জের কোনো সড়কে হরতাল সমর্থকদের দেখা যায়নি। তবে সকালে কাঁচপুরে আওয়ামী লীগের সমর্থক পরিবহন মালিক ও শ্রমিকেরা হরতালবিরোধী মিছিল করেছেন।হরতালে শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাড়সক এবং ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা না গেলেও অভ্যন্তরীণ পথে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শহরের বিভিন্ন স্থানে ছিল র্যাব ও পুলিশের কড়া পাহারা।