নারায়ণগঞ্জে লাশকাটা ঘরের দাবি মানববন্ধন আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অপঘাতে মারা যাওয়া লাশের ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘর স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে আলোর মিছিল নামের একটি সামাজিক সংগঠন। আগামী এক মাসের মধ্যে লাশকাটা ঘর স্থাপনের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা সিভিল সার্জনের প্রতি আহ্বান জানায় তারা। অন্যথায় লাশকাটা ঘর স্থাপনের দাবিতে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনের নেতারা।গতকাল সোমবার সকাল ১০টায় শহরের মণ্ডলপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি ও জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মানবজমিন-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক দিদার খন্দকার, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী, সহসভাপতি সাগর প্রধান, সাইদুর রহমান প্রমুখ।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে কোনো লাশকাটা ঘর নেই। অপঘাতে মারা যাওয়া লাশের ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যেতে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও নরসিংদী জেনারেল হাসপাতালে। একেকটি লাশ ময়নাতদন্ত করাতে দুই থেকে তিন দিন সময় লেগে যায়। এ ক্ষেত্রে পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়। খরচও হয় অতিরিক্ত অর্থ। সে সঙ্গে অপচয় হচ্ছে সরকারি সময়। নারায়ণগঞ্জবাসীর এই দুর্ভোগ নিরসনে দ্রুত লাশকাটা ঘর স্থাপনের দাবি জানান তাঁরা।প্রসঙ্গত এক বছর ধরে নারায়ণগঞ্জে লাশকাটা ঘর নেই। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও নরসিংদী জেনারেল হাসপাতালে পাঠাতে হচ্ছে। এর আগে শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত পরিত্যক্ত পুলিশ বক্সে লাশের ময়নাতদন্ত করা হলেও কে বা কারা পুলিশ বক্সটির দরজা-জানালা ভেঙে ফেললে লাশ ময়নাতদন্তের কাজ বন্ধ হয়ে যায়।জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী জানান, লাশকাটা ঘরের জন্য জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত জেনারেল হাসপাতালের ভেতর সরকারি জায়গায় লাশকাটা ঘর নির্মাণ করা হবে। এ জন্য প্রকল্প অনুমোদন ও বাজেট বরাদ্দ হয়ে গেছে। গণপূর্ত বিভাগ লাশকাটা ঘর নির্মাণ করবে। লাশকাটা ঘরের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থ ছাড়ের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে দরপত্র আহ্বান করা হতে পারে। দ্রুত লাশকাটা ঘর নির্মাণকাজ শুরু করা হবে বলে তিনি জানান।