নারায়ণগঞ্জে লোহা মার্কেটে প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় লোহা মার্কেটের ব্যবসায়ী ও গোয়েন্দা পুলিশের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। প্রতিবাদ সমাবেশ থেকে সোমবারের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। জেলা পুলিশ লাইনসংলগ্ন ওই মার্কেটে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে লোহা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোহামঞ্চদ আলী। তিনি ব্যবসায়ীদের নির্বিঘ্নে তাঁদের প্রতিষ্ঠান খুলে ব্যবসা করার আহ্বান জানান। সমস্যা সমাধানের আগে পুলিশ কোনো ধরপাকড় করবে না বলে পুলিশ সুপারের উদ্ধৃতি দিয়ে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। তিনি ব্যবসায়ীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে।গত ২৮ আগস্ট শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় লোহা মার্কেটে অবস্থিত নিউ মৈত্রী ট্রেডার্সের যৌথ মালিক কিশোর মিত্র ও হাজি মোসলেহ উদ্দিনকে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ব্যবসায়ীরা জেলা গোয়েন্দা পুলিশের চার সদস্যকে পিটুনি দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ সুপারের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।