নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আধা পাকা স্থাপনা ও টং দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে সৌন্দর্য বর্ধনের জন্য শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ দুটি অভিযান চালানো হয়।
শহরে আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগ যৌথ সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে। এ সময় নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেল গেট থেকে অভিযান শুরু করে রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস স্টেশনসহ শহরের বেশ কিছু জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা স্বাধীন চৌধুরী বলেন, ‘সড়কের দুই পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও যান চলাচল নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ১৫০ টির বেশি টং দোকান ও ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা বলেন, ‘১০ মাস ধরে অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে। কিছুতেই উচ্ছেদ করা সম্ভব হচ্ছিল না। তবে বাস টার্মিনাল এলাকায় প্রথমবারের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে।’
এ ছাড়া সকাল সাড়ে নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকা থেকে শুরু করে ৩ নম্বর মাছুয়া ঘাট, আম ঘাটসহ শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয় নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ। এই অভিযানের সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন, উপপরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন।