নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ নগরের মাসদাইর ও ইসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত দুজন নির্বাহী হাকিম পৃথক অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন।
সকাল ১০টার দিকে মাসদাইর কবরস্থান এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তাসমিন জেবিন বিনতে শেখের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অর্ধশতাধিক টংঘর, দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সাড়ে ১০টার দিকে ইসদাইর এলাকায় ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাহিদা বারিকের নেতৃত্বে অভিযান চলে। এ সময় ঝুটের দোকান, খাবার হোটেল, চায়ের দোকানসহ ৫০-৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক বলেন, রাস্তা প্রশস্তকরণে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।