নারায়ণগঞ্জে শতাধিক পোশাকশ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় আগুন-আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে নিচে পড়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে অবস্থিত অবন্তি কালার টেক্স লিমিটেডে এ ঘটনা ঘটে। কারখানা সূত্র জানায়, কারখানায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। অসাবধানতাবশত চাপ পড়ে আগুনের সতর্ক-ঘণ্টা (ফায়ার অ্যালার্ম) বেজে ওঠায় এই আতঙ্কের সৃষ্টি হয়।আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নগরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বেশির ভাগই নারী শ্রমিক।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিকেএমইএর লেবার অ্যান্ড অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক সাংবাদিকদের জানান, দেশের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রোনি গ্রুপের অবন্তি কালার টেক্স লিমিটেডে আট হাজার শ্রমিক কাজ করেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে অসাবধানতাবশত পাঁচতলার আগুনের সতর্ক-ঘণ্টা বেজে ওঠে। এ সময় আগুন-আতঙ্কে শ্রমিকেরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। এতে সিঁড়ির রেলিং ভেঙে শতাধিক শ্রমিক আহত হন। কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান।এদিকে এতজন শ্রমিক একসঙ্গে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসায় চিকিৎসকদের বেগ পেতে হয়। হাসপাতালে শয্যার সংকুলান না হওয়ায় আহত শ্রমিকদের মেঝেতে শুইয়ে রাখা হয়। কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।