নারায়ণগঞ্জে শাব্বির হত্যার বিচারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএমইএর সাবেক সহসভাপতি শাব্বির আলম খন্দকারের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বুধবার নারায়ণগঞ্জ শহরে সমাবেশ ও শোক র‌্যালি হয়েছে। ১০ বছরেও হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত ওই সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।জেলা বিএনপির সহসভাপতি বদরুজ্জামান খসরুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, শাব্বির নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করতে চেয়েছিলেন বলেই ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি শহরের মাসদাইরে তাঁর বাসভবনের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ১০ বছরেও মামলার অন্যতম আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে গ্রেপ্তার না করা এবং বিচারকাজ শেষ না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।বক্তারা শাব্বির হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণার দাবি জানান। সমাবেশে শাব্বিরের বড় ভাই জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা দলকে ব্যবহার করে লুটপাট করে। আর দল ক্ষমতায় না থাকলে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে চাঁদাবাজি করে। দলের নেতা-কর্মীদের নির্যাতন করে।’ এসব সন্ত্রাসীর ব্যাপারে সোচ্চার থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, মামুন মাহমুদ, জামালউদ্দিনসহ নারায়ণগঞ্জের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শোক র‌্যালি বের করে শহরের মাসদাইর কবরস্থানে গিয়ে শাব্বিরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।