নারায়ণগঞ্জে শিল্প-শ্রমিককে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় এক শিল্প-শ্রমিককে এসিড নিক্ষেপ ও আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার শাহজালালকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের চর মোকতারপুরের স্বদেশপুর এলাকায়। আহত শাহজালাল অভিযোগ করেন, সহকর্মী আক্তারের কাছে তিনি দেড় হাজার টাকা পেতেন। এই টাকা পরিশোধের জন্য তিনি সম্প্রতি আক্তারকে চাপ দেন। শনিবার রাতে আক্তার পাওনা টাকা পরিশোধের কথা বলে তাঁকে চর সৈয়দপুর ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা শাহজালালের গায়ে আগুন ধরিয়ে দেয় এবং এসিড নিক্ষেপ করে। তাঁর চিত্কারে আশপাশের লোকজন ছুটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।লাশ উদ্ধার: শহরের নিতাইগঞ্জ এলাকায় গতকাল সোমবার সকালে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহতের নাম বিপ্লব ওরফে মাউরা বিপ্লব (৩৫)।জানা গেছে, নিতাইগঞ্জ খোঁয়াড়পট্টি এলাকার কালাচান হাজির বাসায় ট্রাক-শ্রমিক বিপ্লব ভাড়া থাকতেন। গতকাল সকালে সেই বাসার আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। নিহতের পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার বিপ্লবের মোবাইল ফোনসেট চুরি হয়। শুক্রবার মোবাইল ফোনটি স্থানীয় সন্ত্রাসী রকমতের কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রকমত বিপ্লবকে হত্যার হুমকি দেয়। রকমতের নেতৃত্বেই সন্ত্রাসীরা বিপ্লবকে হত্যা করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, নিহতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।