নারায়ণগঞ্জে শিশু হত্যায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশুকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, নিহত শিশু সাগর বর্মণের বাবা রতন বর্মণ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় আসামি হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

র‍্যাব ও পুলিশ সূত্র জানায়, সাগর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।

রূপগঞ্জে সুতা তৈরির একটি কারখানায় গতকাল রোববার দুপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগরকে (১০) হত্যা করা হয়। যাত্রামুড়া এলাকার এখলাছ স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত বলে তার বাবা জানিয়েছেন। রূপগঞ্জে নিহত শিশু সাগর নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে।

গতকাল রতন বর্মণ জানান, তিনি ও তাঁর ছেলে সাগর দুজনই রূপগঞ্জের এখলাছ স্পিনিং মিলে কাজ করেন। গতকাল দুপুরে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন সাগরের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করালে সে অসুস্থ হয়ে পড়ে। তার পেট ফুলে যায়। গুরুতর অবস্থায় তাকে কাঁচপুরের শুভেচ্ছা ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিকেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, শিশু সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে তা নিশ্চিত হওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে বা কী কারণে ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: