নারায়ণগঞ্জে শিশুসহ তিন খুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আবদুল মালেক, বন্দরের রোখসানা ও আড়াইহাজারের সোহেল নামের এক শিশু খুন হয়েছে। গতকাল বুধবার পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের লাশ উদ্ধার করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানি এলাকার সৌদি প্রবাসী ইসলাম মিয়ার বাড়ি থেকে পুলিশ রোখসানার (৩৫) লাশ উদ্ধার করে। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি একই এলাকায়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ইসলাম মিয়ার সহযোগী হিসেবে রোখসানা বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক পাঠাতেন। সৌদি আরব যেতে আগ্রহী কয়েকজনের কাছ থেকে সম্প্রতি তিনি ১৬ লাখ টাকা নিয়ে ইসলাম মিয়ার স্ত্রী রিতাকে দেন বলে জানা গেছে। কিন্তু সৌদি আরবে তাদের না পাঠানো নিয়ে রোখসানার সঙ্গে রিতার বিরোধ দেখা দেয়। ধারণা করা হচ্ছে, এ বিরোধের জের ধরে রোখসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।ওসি জানান, এ ঘটনায় নিহত রোখছানার চাচা মো. শাহজাহান হত্যা মামলা করেছেন। পুলিশ রিতার মা ফাতেমা ও ছোট বোন সেলিনাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পর থেকে রিতা পলাতক। সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আইলাবো বাজার এলাকা থেকে আবদুল মালেকের (৪৫) লাশ উদ্ধার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার আবদুল কাদেরের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, আবদুল মালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকা থেকে পুলিশ সকালে সোহেলের লাশ উদ্ধার করে। সে পুরিন্দা এলাকার সেতারা বেগম কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর ছাত্র ছিল।আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, পুরিন্দা এলাকার ওয়াসেক টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মী আবদুস সালামের ছেলে সোহেল (৮) মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয়। শ্বাসরোধে তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।