নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবি তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গতকাল বুধবার ভোররাতে একটি মাটি বহনকারী ট্রলার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়। অপর তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর হোসেন জানান, ধারণক্ষমতার অতিরিক্ত মাটি বহন ও তলদেশ ফুটো হয়ে যাওয়ায় ট্রলারটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।মারা যাওয়া শ্রমিকেরা হলেন: পাবনার চাটমোহর উপজেলার পটিয়া আতামোহর গ্রামের শাখাওয়াত হোসেন (২৭), আরিফুল হোসেন (২০) ও আছেরউদ্দিন (৩০)। নিখোঁজ তিন শ্রমিক একই এলাকার আজাদুল (২৭), লাল মিয়া (৩৫) ও আলিম (২৭)।ডুবে যাওয়া ট্রলার এমভি আলম থেকে উদ্ধার পাওয়া শ্রমিক মো. আবদুর বারিকুল মিয়া জানান, কুমুদিনী ট্রাস্টের কার্যালয়ের সামনে শীতলক্ষ্যা নদীর তীরে নোঙর করা অবস্থায় এমভি আলমসহ মাটিভর্তি পাঁচটি ট্রলার ছিল। ভোর পাঁচটায় এমভি আলম হঠাত্ ডুবে যায়। এ সময় ওই ট্রলারে ৩২ জন মাটিকাটা শ্রমিক ঘুমিয়ে ছিলেন। তাঁদের মধ্যে ২৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অন্যরা নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার ব্রিগেডের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনটি লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ও নিখোঁজ হওয়া শ্রমিকেরা ট্রলারের কেবিনে ছিলেন। অন্যরা ঘুমান ছাদের ওপর।বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ের উপপরিচালক (নৌপরিবহন ও সংরক্ষণ) আক্কাস আলীর তত্ত্বাবধানে নয়জন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নেন। ডুবুরিরা জানান, ডুবে যাওয়া ট্রলারটি পানির ৪০ ফুট নিচে রয়েছে। এর ভেতরে বাকি তিনজনের লাশ থাকতে পারে।