নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এর আগে উচ্ছেদ অভিযানের পর কেউ কেউ নতুন করে স্থাপনা তুলেছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সময় নিয়েছিলেন নিজেদের অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে নেবেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা এসব সরিয়ে নেননি। গতকাল মঙ্গলবার শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ অভিযানের সময় এমন বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় তিনটি অবৈধ স্থাপনা নিলামে বিক্রি করে দেওয়া হয়। গতকালের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দৌজা। তিনি জানান, গোদনাইলের আল্পনা ডাইংকে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা সরিয়ে নেয়নি। তাদের অবৈধ স্থাপনা প্রকাশ্য নিলামে ৪৮ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।সামসুদ্দৌজা আরও জানান, বর্ণালি ফেব্রিক্স নামের একটি কারখানার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নদীর অংশ দখল করে নির্মাণ করা হয়েছে। এটি যেহেতু পরিবেশ সহায়ক স্থাপনা তাই এটি না উচ্ছেদ করে সাত দিনের মধ্যে সরিয়ে নিতে তাদের সময় দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভগবানগঞ্জ এলাকার এস এম ফ্লাওয়ার মিলের কিছু অবৈধ অংশ আগে ভেঙে দেওয়া হয়েছিল। বাকি অংশ তারা নিজেরা সরিয়ে নেবে বলে সময় নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা তা সরিয়ে না নেওয়ায় ওই অবৈধ অংশ নিলামে এক লাখ এক হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। এর পাশের মা মনসা ডাল কারখানা নদীর জায়গা দখল করে গড়ে তুলেছিল পাকা স্থাপনা। এর আগে উচ্ছেদ অভিযানের সময় তাদের স্থাপনার অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু তারা ওই জায়গায় নতুন করে টিনশেড স্থাপনা তুলেছিল। গতকাল সেটি ভেঙে দেওয়া হয়েছে। ওই কারখানার পাশে দুটি টিনের অবৈধ ঘরও ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া শারমিন জুট বেলার্স নামের একটি প্রতিষ্ঠানের অবৈধ অংশ এক লাখ এক হাজার টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিউটিএ) উপপরিচালক (বন্দর) আলমগীর কবির জানান, সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে।