নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় গরুবোঝাই ট্রলারডুবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ৩৮টি গরুসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে একটি গরু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর গোদনাইলের হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় এ ঘটনা ঘটে।
গরুর ব্যাপারী মো. হাবিব ও আবদুর রাজ্জাক বলেন, তাঁরা শরীয়তপুরের কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রলারে করে ৩৮টি গরু নিয়ে রাজধানীর ডেমরার সারুলিয়া হাটে যাচ্ছিলেন। হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএর ডুবে থাকা একটি জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ব্যাপারী ও ট্রলার শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে গলার রশি কেটে ৩৭টি গরুকে উদ্ধার করে নদীর দুই তীরে নিয়ে যান।
তবে একটি গরু নিখোঁজ থাকে। খবর পেয়ে নৌ-পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে সহায়তা করে। পরে নিখোঁজ গরুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে।
গরুগুলো কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য আনা হয়েছে বলে গরুর ব্যাপারীরা জানান।