নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় দুই গলিত লাশ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দুটি গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল রোববার বিকেলে পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকা থেকে গতকাল বিকেলে একটি লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির কোমর, হাঁটু ও পায়ের গোড়ালি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। অপর লাশটি বিকেলে উদ্ধার করা হয় মদনগঞ্জ ট্রলারঘাট এলাকা থেকে। গলে যাওয়ার কারণে দুটি লাশের কোনোটিরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি এ দুটি নারী নাকি পুরুষের লাশ, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুলিশের ধারণা, দুই থেকে তিন মাস আগে হত্যার পর ওই দুই ব্যক্তির লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। জোয়ারের পানিতে ভেসে ওই লাশ দুটি শীতলক্ষ্যা ধরে নারায়ণগঞ্জে পৌঁছায়।
গত শনিবার ‘নারায়ণগঞ্জে ১৬ ঘণ্টায় তিন লাশ, আটক ৫’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।