নারায়ণগঞ্জে শেরেবাংলা মার্কেটে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার শেরেবাংলা মার্কেটে গতকাল বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের তৈরি পোশাকের ২০টি দোকান ও কারখানা পুড়ে গেছে। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকেরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরেবাংলা মার্কেটের জোনাকি স্টোরে গতকাল বেলা তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই পুড়ে যায় বিপুল পরিমাণ পোশাক ও দোকানের যন্ত্রপাতি। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, আগুনে মার্কেটের জোনাকি স্টোর, ফারুক ক্যাপ হাউস, ইসলামিয়া ক্যাপ হাউস, এস ইসলাম ক্যাপ হাউস, রহমানিয়া স্টোর, আল হাবিব স্টোর ও রবি সান ঘরসহ ২০টি দোকান এবং কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। জোনাকি স্টোরের মালিক মামুন কবির জানান, ঈদ উপলক্ষে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিপুল পরিমাণ পণ্য বোঝাই করা হয়েছিল। কারখানাগুলোতে চলছিল নতুন পোশাক তৈরির কাজ। আগুনে সব পুড়ে গেছে। ব্যবসায়ীদের অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আহসানুল কবির জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালু করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তিনি জানান, আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। তাদের খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।