নারায়ণগঞ্জে শ্রমিক খুন, যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় গতকাল শনিবার প্রতিপক্ষের লোকজন পিটিয়ে এক পোশাকশ্রমিককে হত্যা করেছে৷ গতকাল রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ওসমান ডাইং ফ্যাক্টরিতে ঢুকে শ্রমিক কামাল শেখ (১৯) প্রতিপক্ষের পিটুিনতে মারা গেছেন। এ ঘটনায় পুলিশ ওই কারখানার চার শ্রমিককে আটক করেছে। কামাল শেখ খুলনার তলীকাটি এলাকার টুকু শেখের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গতকাল ভোরে উপজেলার মাছিমপুর এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর পাঠান৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (২৩)। তাঁর বাড়ি নরসিংদীর সদর উপজেলার রমদী এলাকায়। তঁার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।