নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল রোববার একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় লে-অফ ঘোষণাকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পোশাক কারখানা ‘আনোয়ারা স্টাইল’-এ ৩০০ শ্রমিক কাজ করেন। কারখানা ভবনটি প্রকৌশলীদের পরীক্ষা-নিরীক্ষায় ঝুঁকিপূর্ণ শনাক্ত হওয়ায় পার্শ্ববর্তী অন্য একটি ভবনে কারখানাটি স্থানান্তরের উদ্যোগ নেয় মালিকপক্ষ। এতে কয়েক মাস সময় লাগতে পারে বলে মালিকপক্ষ লে-অফের সিদ্ধান্ত নেয়। এ খবর শুনে গতকাল সকাল নয়টার দিকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কারখানার শ্রমিকেরা। তাঁরা সড়কে এসে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষ আগামী মঙ্গলবার পণ্য জাহাজীকরণের (শিপমেন্ট) পরে শ্রমিকদের পাওনা পরিশোধ করে লে-অফ ঘোষণা করার সিদ্ধান্ত নিলে শ্রমিকেরা শান্ত হন। শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ জানান, লে-অফ করা নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। পরে কারখানার মালিক গিয়ে আশ্বস্ত করলে শ্রমিকেরা শান্ত হন।