নারায়ণগঞ্জে শ্রমিকদের বিকেএমইএর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শ্যামপুরের ইমাম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ ঘোষণা এবং ৭০ জন শ্রমিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিকেএমইএর কার্যালয় ঘেরাও করেছেন শ্রমিকেরা। গতকাল শনিবার বিকেলে শ্রমিকেরা নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় বিকেএমইএর কার্যালয় ঘেরাও করেন। ঘেরাওয়ের সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক লীগের নেতা সিরাজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা হাফিজুল ইসলাম। বক্তারা বলেন, ওই কারখানায় ১২ শতাধিক শ্রমিক কাজ করেন। ঈদের পর শ্রমিকেরা কারখানার ফটকে এসে দেখেন, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বক্তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ আবারও শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের হয়রানি করার পরিকল্পনা করছে। অবিলম্বে কারখানা চালু এবং ৭০ জন শ্রমিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।