নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে গতকাল বুধবার একজন বাসচালককে মারধরের ঘটনায় পরিবহনশ্রমিকেরা তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ট্রেন চলাচলও বন্ধ করে দেন তাঁরা। জেলা সড়ক পরিবহন কমিটির ভাষ্য, র্যাবের সদস্যরা এক বাসচালককে মারধর করায় পরিবহনশ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ-ঢাকা রুটের বন্ধন পরিবহনের একটি বাস ঘোরানোর সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি মোটরসাইকেল বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী র্যাবের দুই সদস্য ওই বাসের চালক জাহাঙ্গীরকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা একত্র হয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, সিদ্ধিরগঞ্জ, মেঘনা ও ডেমরা রুটের সব বাস চলাচল বন্ধ করে দেন। তাঁরা ১ নম্বর রেলগেট, ২ নম্বর রেলগেট, চাষাঢ়া গোলচত্বর এবং ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের ফতুল্লার পঞ্চবটী এলাকায় এলোপাতাড়ি বাস রেখে অবরোধ সৃষ্টি করেন। এ সময় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর আগ মুহূর্তে একটি ট্রেনও আটকে দেন তাঁরা। বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় ঢাকাগামী চাকরিজীবী ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাঁদের অনেকে অতিরিক্ত ভাড়ায় ট্যাক্সি ও রিকশাযোগে গন্তব্যে যান। পরে র্যাবের হস্তক্ষেপে বেলা ১১টার দিকে বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন কমিটির সভাপতি শামসুজ্জামান বলেন, র্যাবের সদস্যরা বাসচালককে মারধর করার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এ ঘটনা সম্পর্কে তাঁরাও খোঁজখবর নিচ্ছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘গাড়ি এলোপাতাড়িভাবে রেখে যানজট সৃষ্টি করার অভিযোগ বাসচালকদের বিরুদ্ধে প্রতিদিনের। আমরা এ বিষয়ে মালিক ও শ্রমিক নেতাদের নজর দিতে বলেছি।’