নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর
সরকারঘোষিত নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা সড়ক অবরোধ এবং একটি সোয়েটার কারখানায় ভাঙচুর ও প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন।আদমজী ইপিজেডে অবস্থিত সিনহা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপ্রিম সোয়েটার ও সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকায় অবস্থিত রানস অ্যাপারেলসে শ্রমিকেরা এ ঘটনা ঘটান।সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পার্শ্ববর্তী সাইলো এলাকায় অবস্থিত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান রানস অ্যাপারেলসের শ্রমিকেরা জানান, সকালে কাজে যোগ দেওয়ার আগে কয়েকজন শ্রমিক কারখানার কর্মকর্তাদের কাছে জানতে চান, তাঁদেরকে সরকারঘোষিত মজুরি দেওয়া হবে কি না? তখন মালিকপক্ষের লোকজন শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং এক শ্রমিককে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার তিন শতাধিক শ্রমিক কাজকর্ম বন্ধ করে দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ এবং রানস অ্যাপারেলসের মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দাবির সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।এদিকে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত সিনহা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপ্রিম সোয়েটার্সের শ্রমিকেরাও একই দাবিতে ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা পাঁচজনকে মারধর করেন।সূত্র জানায়, উৎপাদন বিভাগের শতাধিক শ্রমিক সকাল নয়টা থেকে কাজকর্ম বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠানের ফ্লোর ইনচার্জ আবদুল লতিফ, আহাদ মিয়াসহ অন্তত পাঁচজনকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় হামলা ও ভাঙচুর করেন।পরে সকাল সাড়ে ১০টার দিকে সিনহা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন।শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত মজুরি ও ওভারটাইমের টাকা নিয়ে মালিকপক্ষ গড়িমসি করছে। এ ছাড়া ঘোষিত নতুন মজুরি দেওয়া হবে কি না, তাও স্পষ্ট করে বলছে না কর্তৃপক্ষ।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।