নারায়ণগঞ্জে সংঘর্ষ, পুলিশের লাঠিপেটায় সাংবাদিকসহ আহত ২০, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এদিকে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের লাঠিপেটায় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটা থেকে সদর উপজেলার কুতুবপুর, এনায়েতনগর, বক্তাবলী, আলীরটেক, গোগনগর ও কাশিপুর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে বক্তাবলী ইউনিয়নের রাধানগর ও বক্তাবলীর কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী শওকত আলীর সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেনের সমর্থকদের সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।দুপুরে বক্তাবলীতে লক্ষ্মীনগর কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়নাল আবেদিন ও আনোয়ার হোসেনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে পশ্চিম গোপালনগর এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে হাজী বেলায়েত হোসেন ও তাঁর সহযোগী মিলনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পাগলা, আলীরটেক, বক্তাবলীর বিভিন্ন কেন্দ্র থেকে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।এদিকে বিকেলে এনায়েতনগর ইউনিয়নের মধ্য ধর্মগঞ্জ এলাকায় অবৈধভাবে প্রভাব বিস্তারের অভিযোগে মেম্বার পদপ্রার্থী শাহ আলম ও ছাত্রলীগের নেতা মোশারফ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।আলীরটেক ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় বিকেল তিনটার দিকে একটি কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান ও জাকির হোসেনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশের লাঠিপেটায় এনটিভির নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ ও ক্যামেরাম্যান তারেক স্বপন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আবদুস সালাম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফ উদ্দিন ও ক্যামেরাম্যান শফিকুল ইসলামসহ ২০ জন আহত হন।জেলা প্রশাসক মো. সামছুর রহমান সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।