নারায়ণগঞ্জে সংঘর্ষ, শিবিরের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় আজ রোববার সকালে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থল থেকে শিবিরের দুই কর্মীকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে শহরের উকিলপাড়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় তাঁরা ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুলিশ ১০-১২টি ফাঁকা গুলি ছুড়ে জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। গুলিবিদ্ধ অবস্থায় শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে।