নারায়ণগঞ্জে সংঘর্ষে ১০ হিজড়া আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের আফাজনগর এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে ১০ হিজড়া আহত হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী হিজড়াদের কয়েকজনকে আটক করে রাখে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।আফাজনগরের বাসিন্দা আবুল খায়ের জানান, কয়েক মাস ধরে হিজড়ারা এলাকার বিভিন্ন বাড়িতে এসে তাঁদের বিরক্ত করত। বিভিন্ন বাড়িতে গিয়ে টাকা-পয়সা দাবি করত। না পেলে ভাঙচুর চালাত। সাত দিন ধরে তাদের উৎপাত অনেক বেড়ে যায়। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ৫০-৬০ জন হিজড়া এলাকায় এসে বিভিন্ন বাড়িতে গিয়ে টাকা দাবি করে। টাকা না পেয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ বাধে। এতে আবু কালাম, দলিল উদ্দিন, মাইমা, আফসানাসহ ১০ জন হিজড়া আহত হন। একপর্যায়ে এলাকাবাসী হিজড়াদের কয়েকজনকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে।এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান গতকাল প্রথম আলোকে জানান, হিজড়াদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তারা এলাকায় এসে আর উত্ত্যক্ত না করে।