নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। তাঁর মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে। একই সঙ্গে সড়কের বেহাল অবস্থার জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন ক্ষমতাসীন দলের সাংসদেরা।গতকাল বুধবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় অত্যন্ত বেহাল অবস্থা। এ নিয়ে সওজের কোনো মাথাব্যথা নেই। বরং তারা যত্রতত্র গতিরোধক তৈরি করে মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে। সরকারি এই বিভাগের দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তার কারণে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে।’নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘একটি পত্রিকা লিখেছে, নারায়ণগঞ্জে প্রশাসন বলতে কিছু নেই। প্রশাসনই যদি না থাকে তাহলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা করে কী লাভ?’ নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করলেও কয়েক দিন পরই তারা ছাড়া পেয়ে যাচ্ছে। তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে জেলা পরিষদ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করে নজরুল ইসলাম বলেন, সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে। কিন্তু এ নিয়ে সওজের কোনো মাথাব্যথা নেই।বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান অভিযোগ করেন, তাঁর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) অফিসে দুর্নীতি চরমে পৌঁছেছে। টাকা ছাড়া এখানে কোনো কাজ হয় না। ফলে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।জেলা পুলিশ সুপার (এসপি) শেখ নাজমূল আলম বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গত ১০ মাসে মাদকসংক্রান্ত ঘটনায় এক হাজার ৬০৭টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে দুই হাজার ২৭ জন। তবে অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তারকৃতরা জামিনে বের হয়ে আবার একই কাজে জড়িয়ে পড়ছে। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, ‘নারায়ণগঞ্জে প্রশাসন নেই—এ কথা ঠিক নয়। প্রশাসন অত্যন্ত শক্তিশালী ও কার্যকর। আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করছি।’