নারায়ণগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে ২০-২৫টি বাড়িঘর ভাঙচুর এবং স্থানীয় লোকজনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। তাদের হামলায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে দক্ষিণ সস্তাপুর এলাকায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান নিট কনসার্নের পরিচালক জাহাঙ্গীর হোসেন লোকজন নিয়ে তাঁর জমির সীমানা পিলার স্থাপন করতে যান। এ সময় পাশের জমি-মালিকেরা তাঁকে পিলার স্থাপনের আগে মাপজোক করতে বলেন। কিন্তু তিনি তাঁদের কথা না শুনে মাপজোক ছাড়াই পিলার স্থাপন করতে থাকেন। এতে এলাকাবাসী বাধা দিলে জাহাঙ্গীরের অনুসারী ও যুবলীগ নেতা হিসেবে পরিচয়দানকারী বিপ্লবের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী লাঠিসোঁটা, দা, বল্লম, ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।প্রতিহত করতে গেলে সন্ত্রাসীরা এলাকার ২০-২৫টি বাড়িতে ভাঙচুর এবং নারীদের টেনেহিঁচড়ে বাইরে এনে মারধর করতে থাকে। পুরুষদের বেধড়ক লাঠিপেটা করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।