নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় কারখানার মালিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় গতকাল শুক্রবার সন্ত্রাসীদের হামলায় একটি পোশাক কারখানার মালিক গুরুতর আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর ব্যবহূত প্রাইভেট কার ভাঙচুর করেছে এবং পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যবসায়ীর নাম জাকিরুল ইসলাম ওরফে শামীম (৩৬)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নেতৃত্বে থাকা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক ইসদাইর সমাজ উন্নয়ন সংসদের সভাপতি। অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান জানান, গতকাল তাঁদের এলাকায় অনুষ্ঠান চলছিল। শামীম স্থানীয় এক দোকানদারকে মারধর করলে স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁর গাড়িটি ভেঙে যায়।
শামীমের বড় বোন সাঈদা আক্তার অভিযোগ করেন, ছয় মাস আগে সিদ্দিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ভাই শামীমের বিগেস্ট জিজাইনওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় গিয়ে ঝুট দাবি করেন। কিন্তু ঝুট দিতে অস্বীকার করায় সিদ্দিক ও তাঁর সহযোগীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। গতকাল সকালে তাঁর ভাই অপর একটি কারখানায় পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য প্রাইভেট কার নিয়ে বের হন। ইসদাইর বাজার এলাকায় পৌঁছালে সিদ্দিক, তাহেরসহ সাত-আটজন তাঁর ভাইয়ের গাড়ির গতি রোধ করেন। এ সময় তাঁরা ইট দিয়ে ওই গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন এবং তাঁর ভাইকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামান। এরপর তাঁরা রড, কাচের বোতল ও ইট দিয়ে তাঁর ভাইয়ের শরীরে ও মাথায় আঘাত করেন। পরে তাঁরা তাঁকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখেন এবং ওই গাড়িতে থাকা পাঁচ লাখ টাকা লুট করেন।
সাঈদা আরও অভিযোগ করেন, তাঁর ভাই অচেতন হয়ে আধা ঘণ্টা সড়কে পড়ে থাকলেও আশপাশের কোনো মানুষকে উদ্ধার করতে কাছে আসতে দেয়নি ওই সন্ত্রাসীরা। পরে তাঁরা খবর পেয়ে শামীমকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজিম উদ্দিন জানান, শামীমের মাথার আঘাত গুরুতর। সিটিস্ক্যান প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
সাঈদা অভিযোগ করেন, সিদ্দিক ইসদাইরে সমাজ উন্নয়ন সংসদের অন্তরালে ওই এলাকায় বস্তির অপরাধজগতের নিয়ন্ত্রণ করেন। সমাজসেবকের লেবাস থাকায় ও চিহ্নিত সন্ত্রাসী শ্যামার ভাই হওয়ায় সিদ্দিকের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। এ ঘটনায় তাঁরা ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।