নারায়ণগঞ্জে সভাপতিকে ছাড়াই শহর আ.লীগের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভা আহ্বান করা হয়েছে আজ মঙ্গলবার। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনকে বাদ দিয়েই এ সভা আহ্বান করেছেন সাধারণ সম্পাদক খোকন সাহা। শহরের শায়েস্তা খান সড়কে পুরাতন বার লাইব্রেরিতে বিকেল পাঁচটায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ২ নম্বর রেলগেটে জেলা ও শহর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি আনোয়ার হোসেন ও প্রথম সহসভাপতি সেলিনা হায়াত আইভী সভায় অভিযোগ করেন, সাবেক সাংসদ শামীম ওসমান ও তাঁর দুই ভাইয়ের কর্মকাণ্ডে মানুষের কাছে সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেদিনের সভায় খোকন সাহা উপস্থিত ছিলেন না।নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় নেতারা জানিয়েছেন, সেদিনের সভার পাল্টা হিসেবেই শামীম ওসমান তাঁর অনুগত খোকন সাহাকে দিয়ে আজকের বৈঠকটি ডেকেছেন।এ বিষয়ে সাধারণ সম্পাদক খোকন সাহা প্রথম আলোকে বলেন, ‘গত ২৩ জুনের সভায় আনোয়ার হোসেন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। সভাপতি আনোয়ার হোসেনের অনৈতিক আচরণ ও সাংগঠনিক বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। শহর কমিটির সদস্য হিসেবে শামীম ওসমানকেও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।’তবে সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির অনুমোদন ছাড়া সাধারণ সম্পাদক একক সিদ্ধান্তে কোনো সভা ডাকতে পারেন না। দলে বিভেদ সৃষ্টির জন্যই অবৈধভাবে এই সভা ডাকা হয়েছে।’