সাংবাদিক নেতারা বলেছেন, নারায়ণগঞ্জে সাংবাদিকতা পেশা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত সাংবাদিকেরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকতার মধ্যে রাজনীতি আর মিডিয়া মালিকদের প্রভাব থাকায় দিন দিন সাংবাদিকতা কঠিন হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে সাংবাদিকদের মধ্যে ঐক্য স্থাপনেরও তাগিদ দিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত নিউজ নারায়ণগঞ্জ ডটকম মিলনায়তনে ‘সাম্প্রতিক প্রেক্ষাপট ও ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠক সঞ্চালনায় ছিলেন নিউজ নারায়ণগঞ্জ ডটকমের এডিটর ইন চিফ শাহজাহান শামীম। স্বাগত বক্তব্য দেন হেড অব নিউজ শরীফ সুমন। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন নির্বাহী সম্পাদক তানভীর হোসেন।
গোলটেবিল বৈঠকে অংশ নেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-বার্তাপ্রধান কবি হালিম আজাদ, নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জের সভাপতি ও দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।