নারায়ণগঞ্জে সাংবাদিক দম্পতি ছিনতাইকারীর কবলে
প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ ও তাঁর স্ত্রী গত বুধবার ভোরে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।গৌরাঙ্গ দেবনাথ বলেন, বুধবার ভোরে তিনি স্ত্রীসহ নারায়ণগঞ্জ শহরের গলাচিপার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে নবীনগরের উদ্দেশে রওনা হন। তাঁরা তোলারাম কলেজের ফটকের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা প্রাইভেট কার নিয়ে তাঁদের গতি রোধ করে। গৌরাঙ্গ দেবনাথ বলেন, পরে গাড়ি থেকে চার যুবক নেমে পিস্তলের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন, একটি স্বর্ণের চেইন, একটি আংটি, নগদ প্রায় ছয় হাজার টাকা ও মানিব্যাগে থাকা কিছু জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যায়।গৌরাঙ্গ দেবনাথের স্ত্রী দুলন দেবনাথ বলেন, ছিনতাইয়ের পরপরই তাঁরা ঘটনাস্থল থেকে সর্বোচ্চ ২০০ গজ দূরে অবস্থিত চাষাঢ়া পুলিশ ফাঁড়িতে যান। তাঁরা সহযোগিতা চাইলে ফাঁড়ির পুলিশ জানায়, ঘটনাস্থল ফতুল্লা থানা অন্তর্ভুক্ত। এ সময় পুলিশ তাঁদের ফতুল্লা থানায় যাওয়ার পরামর্শ দেয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ছিনতাইকারী চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।