নারায়ণগঞ্জে সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গত শনিবার রাতে এক সাংবাদিককে মারধর করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন জানান, গত শনিবার রাতে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শুক্কুর আলী মার্কেটের সামনে যান। রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের যুবলীগের নেতা নামধারী সন্ত্রাসী নজরুল ইসলাম ১৫-২০ জন সহযোগীসহ সেখানে গিয়ে তাঁকে গালাগাল করতে থাকেন। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনো খবর না লেখার জন্য তাঁকে হুমকি দেন নজরুল। বিল্লাল প্রতিবাদ করলে নজরুলের সহযোগীরা তাঁকে বেধড়ক মারধর করতে থাকে। নজরুল পিস্তলের বাঁট দিয়ে তাঁর মাথায়, গলায় ও মুখমণ্ডলে আঘাত করেন। পরে বিল্লালের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে।উল্লেখ্য, নজরুলের চাঁদাবাজি ও টেন্ডারবাজি-সংক্রান্ত বেশ কয়েকটি খবর মানবজমিন পত্রিকায় ছাপা হয়েছে। বিল্লালকে রাতে সিদ্ধিরগঞ্জের একটি ক্লিনিক ও পরে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সাংবাদিকেরা জানান, রাত সাড়ে ১১টার দিকে বিল্লালসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৫ থেকে ৩০ জন সাংবাদিক সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে যান। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে রাত আড়াইটার দিকে মামলা নথিভুক্ত করা হয়।পুলিশ সূত্র জানায়, নজরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা এবং বহু সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।নজরুল নিজেকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেন। জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির বলেন, নজরুল জেলা যুবলীগের কোনো পদে নেই।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।মামলার প্রধান আসামি নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি।গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।