সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের অশালীন ও কুৎসিত বক্তব্যের প্রতিবাদে আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের বিষয়ে কয়েকজন সাংবাদিক নারায়ণগঞ্জ ক্লাবে শামীম ওসমানের বক্তব্য জানতে গেলে তিনি সাংবাদিকদের ‘কুকুর’ আখ্যা দেন এবং সাংবাদিকদের সম্পর্কে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্য একটি জাতীয় দৈনিকে প্রকাশ পেলে দেশের সাংবাদিক মহল, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শামীম ওসমানের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, জাতীয় পত্রিকার সম্পাদক পরিষদসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় কাল সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এ সমাবেশ আয়োজন করে। সমাবেশে নারায়ণগঞ্জের মূল ধারার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও প্রগতিশীল রাজনীতিকদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।