নারায়ণগঞ্জে সাত খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত হত্যা মামলার তদন্ত সময়মতো দৃশ্যমান হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন৷

পুলিশ সুপার গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় এ কথা জানান৷ তিনি বলেন, তিনি নারায়ণগঞ্জবাসীর পুলিশ সুপার হতে চান, কোনো গোষ্ঠীর পুলিশ সুপার হতে চান না৷
সাংসদ শামীম ওসমানের সঙ্গে সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের কথোপকথনের একটি অডিও প্রকাশ এবং নূর হোসেনকে ভারতে পালাতে শামীম ওসমানের সহায়তার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার কোনো মন্তব্য করেননি৷ তিনি বলেন, খণ্ডিত কোনো ঘটনা সম্পর্কে আলাদা মন্তব্য করা সম্ভব নয়৷ ছোট ছোট টুকরা কাগজ মিলিয়ে যখন অবয়ব তৈরি করা হয়, তেমনি তদন্তও একটি পূর্ণাঙ্গ বিষয়৷ তদন্তের প্রয়োজনে এর ব্যাপ্তি বা আকার বাড়তে পারে৷ সময়মতো সব জানতে পারবেন৷
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মহিদ উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত নূর হোসেনের অবস্থান সম্পর্কে পুলিশের কোনো ধারণা ছিল না৷ কিন্তু সময় অনেক গড়িয়ে যাওয়ায় সতর্কতার অংশ হিসেবেই ইন্টারপোলের রেড ওয়ারেন্ট জারি করতে চিঠি দেওয়া হয়েছে৷ তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই আমরা দেখি, পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গিয়ে আবার অবৈধভাবে ফিরে আসা হয়৷’
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, আইনজীবী মাহাবুবুর রহমান মাসুম, রুমন রেজা প্রমুখ৷