নারায়ণগঞ্জে সাত খুন: পলাতক ১২ আসামির পক্ষে আইনজীবী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের ৮ সদস্যসহ পলাতক ১২ আসামিকে দুই বছরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত সোমবার দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে এবং ১২ আসামিকে পলাতক দেখিয়ে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

পলাতক ১২ আসামির পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ওই পাঁচজন আইনজীবীকে নিয়োগ দেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী। ওই আইনজীবীরা হলেন: আবু বক্কর সিদ্দিক, সুলতান আরেফিন, আনিসুজ্জামান মোল্লা, সেলিনা ইয়াসমিন ও উম্মে হাবিবা।
সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করলে আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তাদের মালামাল ক্রোকের প্রক্রিয়াসহ পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আইনের বিধিবিধান মেনেই রাষ্ট্রের খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।