নারায়ণগঞ্জে সাত দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাই বন্ধসহ সাত দফা দাবিতে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিকেএমইএ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। গতকাল সকালে নগরের চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে ফুজি নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা এই বিক্ষোভ সমাবেশ করেন। এতে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে শ্রমিকেরা বিকেএমইএ কার্যালয়ে স্মারকলিপি দেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানার দুই নিটিং অপারেটরের ছাঁটাই প্রত্যাহার, ‘বেআইনিভাবে’ শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেন। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত শ্রমিকেরা সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন। সমাবেশে দাবি মেনে নেওয়ার জন্য কারখানার মালিককে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস, যুগ্ম আহ্বায়ক বাবলা হোসেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ব্যাপারে বিকেএমইএর লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জি এম ফারুক বলেন, সমস্যার সমাধানে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।