নারায়ণগঞ্জে সাততলা ভবন হেলে পড়েছে
নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা তোলারাম মোড় এলাকায় গত বুধবার গভীর রাতে একটি সাততলা ভবন হেলে পড়েছে। এতে পাশের একটি একতলা ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে। আতঙ্কে ভবন দুটির বাসিন্দারা অন্যত্র চলে গেছে। সরেজমিনে পরিদর্শনের পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রকৌশলী আবদুল আজিজ জানান, পৌরসভা থেকে দোতলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছিল। মালিকানা হস্তান্তরের পর কোনো ফাউন্ডেশন ও পাইলিং ছাড়াই ভবনটি সাততলায় উন্নীত করা হয়। ভবনটি দক্ষিণ পাশে কিছুটা দেবে হেলে পড়েছে। সামনের সড়কের অংশবিশেষও দেবে গেছে। পাশের অপর একটি একতলা ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শহরের বাণিজ্যিক এলাকা শীতলক্ষ্যা তোলারাম মোড়ের ব্যবসায়ী রিয়াজুদ্দিন ২০ বছর আগে দোতলা ভবন নির্মাণ করেন। আট বছর আগে তিনি (রিয়াজুদ্দিন) মফিজুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে ভবনটি বিক্রি করে দেন। মফিজুল দোতলা ভবনকে বাড়িয়ে সাততলা করেন। বুধবার গভীর রাতে আকস্মিকভাবে ভবনটির এক পাশ দেবে যায় এবং হেলে পড়ে। শীতলক্ষ্যা মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী শাহজাহান জানান, তিনি বুধবার বিকেলেই ভবনের একটি অংশ হেলে থাকতে দেখেন। পরে এলাকাবাসী সেখানে জড়ো হয়। পৌরসভার প্রকৌশলী জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে প্রাণহানি ঘটতে পারে। কাল রোববার এ ব্যাপারে তাঁরা ব্যবস্থা নেবেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন গতকাল বৃহস্পতিবার দুপুরে জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।