নারায়ণগঞ্জে সাদা পোশাকে পুলিশি কার্যক্রম নয়: ডিআইজি
নারায়ণগঞ্জের কোথাও আজ বুধবার থেকে সাদা পোশাকে পুলিশ কোনো কার্যক্রম চালাবে না। পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান এ কথা জানিয়েছেন। নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আজ বেলা দুইটার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহফুজুল হক নুরুজ্জামান জানান, নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কর্মকৌশল প্রণয়ন করছেন।
এর আগে আইনজীবীদের একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আসে। সেখানে ডিআইজি নুরুজ্জামানের সঙ্গে আইনজীবীরা কথা বলেন। অপহূত নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়ির চালককে অক্ষত উদ্ধারের দাবি জানান তাঁরা। একই সঙ্গে নারায়ণগঞ্জে আজ থেকে সাদা পোশাকে পুলিশের সব কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানান তাঁরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে গত রোববার দিনদুপুরে গাড়িসহ অপহরণ করা হয়। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাঁদের অপহরণ করা হয়। একই সড়ক থেকে প্রায় একই সময় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়ির চালক গাড়িসহ নিখোঁজ হন।